জাবি শিক্ষার্থীকে হাতুড়ি ও ফুটন্ত পানিতে পুড়িয়ে মারধরের অভিযোগ, অভিযুক্ত পলাতক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে বাসায় আটকে রেখে হাতুড়ি দিয়ে মারধর এবং ফুটন্ত পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারিকুল ইসলাম-এর বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় অভিযুক্তের বাসা থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ৫৩তম ব্যাচের ছাত্রী। অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
ভুক্তভোগীর বরাতে একজন নারী শিক্ষক জানান, অভিযুক্তের সঙ্গে শিক্ষার্থীর পূর্বপরিচয় ও ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা সম্প্রতি ভেঙে যায়। মঙ্গলবার অভিযুক্ত তারামন বিবি হলের সামনে গিয়ে শিক্ষার্থীকে ‘শেষবার কথা বলার’ কথা বলে বাসায় যেতে চাপ দেন। রাজি না হলে তাকে ব্ল্যাকমেইল করা হয়। এরপর শিক্ষার্থী ইফতারসামগ্রী নিয়ে অভিযুক্তের বাসায় যান। অভিযোগ অনুযায়ী, সেখানে তার মুখে টেপ পেঁচিয়ে হাতুড়ি দিয়ে মারধর করা হয় এবং তার হাতে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হয়। পরে ক্ষতস্থানের ওষুধ কিনতে বের হওয়ার সময় কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করা হয়।
এই সুযোগে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান, ছাত্রীর হাতে ৩–৪ সেন্টিমিটার জায়গায় পোড়া ক্ষত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এই ঘটনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) আশুলিয়া থানায় একটি মামলা (নম্বর–৭৮) দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।