শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ইবিতে হত্যাকাণ্ডের ছায়া, ভর্তি পরীক্ষায় অভিভাবকদের নিরাপত্তা শঙ্কা

ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:১৩

ইবিতে হত্যাকাণ্ডের ছায়া, ভর্তি পরীক্ষায় অভিভাবকদের নিরাপত্তা শঙ্কা। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়-এ শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে থাকা অভিভাবকেরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে আসেন। এ সময় সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘিরে তাদের মনে ভীতি ও অনিশ্চয়তা কাজ করতে দেখা যায়।

অভিভাবকদের ভাষ্য, একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো সেই বিশ্বাসে আঘাত হেনেছে। ক্যাম্পাসের ভেতরেই কর্মচারীর হাতে শিক্ষিকা আসমা সাদিয়া রুনার নির্মম হত্যাকাণ্ড এবং শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যু পুরো দেশকে নাড়া দিয়েছে।

রাজশাহী থেকে আসা এক পরীক্ষার্থীর মা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাহ্যিক সৌন্দর্যের আড়ালে নিরাপত্তাহীনতার বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে কুমারখালী থেকে আগত এক অভিভাবক বলেন, ক্যাম্পাসের পরিবেশ সুন্দর হলেও সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো তাদের ভাবিয়ে তুলেছে। তিনি শ্রেণিকক্ষ থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ রাখতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কাটবে না বলে জানান তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top