শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

খালেদা জিয়ার গৃহসহকারীর ভাতিজির অসুস্থতা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫

সংগৃহীত

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহসহকারী ফাতেমা বেগমের ভাতিজি বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর মা ও নবজাতকের অবস্থার অবনতি হয়। পরে শুক্রবার দুজনকেই ঢাকায় স্থানান্তর করা হয়।

নবজাতককে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় শিশু ইনস্টিটিউট ও হাসপাতালে এবং মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)-তে ভর্তি করা হয়েছে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে ভর্তি রোগীকে দেখতে যান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসপাতালে অবস্থানকালে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

হাসপাতাল সূত্র জানায়, মন্ত্রী আরও কয়েকজন রোগীকে দেখতে যান এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুরুতর অবস্থায় থাকা রোগীদের দ্রুত ঢাকায় এনে উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা আগেই দেওয়া আছে। তিনি জানান, এই রোগীর ক্ষেত্রেও সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top