ডিনস অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১১:১৮

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষদীয় সম্মাননা প্রদান করা হয়েছে। নীতিমালা অনুযায়ী অনুষদভুক্ত পাঁচটি বিভাগের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ ২৮ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন।

মঙ্গলবার বিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ভর করে শিক্ষার্থীদের মেধা ও গুণগত মানের ওপর। তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে ১৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকার ৩০০ জনের মধ্যে ২৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের আগমন বৃদ্ধি পেয়েছে এবং অনাকাঙ্ক্ষিত আচরণ কমেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top