আবারও চালু হচ্ছে অনলাইন ক্লাস, কমছে সাপ্তাহিক ছুটি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৬:২০
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার কথা বিবেচনায় নিয়ে করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার কেবল অনলাইন নয়, অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে নতুন এক পদ্ধতি চালু করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শুরুতেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করা হবে না। সক্ষমতা বিবেচনায় বাছাই করা কিছু প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে এই নতুন পদ্ধতি চালু হবে। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে এটি বাস্তবায়ন শুরু হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালিত হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে পাঠদান চলবে। শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
তিনি আরও জানান, শিক্ষকেরা নির্ধারিত দিনে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকেই ক্লাস নেবেন। যেসব প্রতিষ্ঠান এ পদ্ধতি বাস্তবায়নে সক্ষম, সেখানেই পর্যায়ক্রমে এটি চালু করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।