রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামের আনোয়ারায় মাচা ভেঙে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

জোবায়ের হোসেন | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৬:১৩

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। তাঁরা দুজনই নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন শ্রমিক মিলে ভবনের বাইরের অংশে কাজ শুরু করেন। একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।

সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জুনাইদ ইসলাম বলেন, “শ্রমিকরা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে পড়ে যান। এরপর মাচাটিও ভেঙে যায়। ঘটনাটি খুব দ্রুত ঘটে, কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।”

এ বিষয়ে ভবনের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন জানান, দুই নির্মাণশ্রমিককে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয় এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

আনোয়ারা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top