মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন মৌলভীবাজারের যুবক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৮:১১

ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের মানববিহীন আকাশযান হামলায় রাশিয়ায় মৌলভীবাজার সদর উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মুহিবুর রহমান। তিনি সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাস থেকে মুহিবুর রহমান নিখোঁজ ছিলেন। দীর্ঘ চার মাস পর গত ১৭ এপ্রিল তাঁর মৃত্যুর খবর জানতে পারে পরিবার। পরে জানা যায়, রাশিয়ায় অবস্থানকালে ইউক্রেনের মানববিহীন আকাশযান হামলায় তিনি নিহত হন।

মুহিবুর রহমান তিন বছর আগে শিক্ষার্থী ভিসায় রাশিয়ায় যান। নয় মাস আগে দেশে এসে তিনি বিয়ে করে পুনরায় রাশিয়ায় ফিরে যান। এরপর কিছুদিনের মধ্যেই তিনি নিখোঁজ হয়ে যান। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি রুশ সেনাবাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিকভাবে যুক্ত হয়েছিলেন।

পরিবারের দাবি, যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে তিনি একটি বাংকারে অবস্থান করছিলেন। ওই সময় ইউক্রেনের মানববিহীন আকাশযান হামলায় বাংকারে থাকা অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রুশ সেনাদের খাদ্য সরবরাহে নিয়োজিত এক ব্যক্তির মাধ্যমে প্রথমে তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় বলে জানা যায়।

মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তাদের জানা আছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা সরকারি উদ্যোগে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top