চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় ২৫ লাখ টাকা
রাজারহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিম, বাঁচাতে দরকার সবার সহায়তা
আসাদুর রহমান | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৬:১০
কুড়িগ্রামের রাজারহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত পাঁচ বছরের শিশু ফাহিম আহমেদের চিকিৎসা চালিয়ে যেতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার। দীর্ঘদিনের চিকিৎসায় সর্বস্ব হারিয়ে এখন চরম অর্থসংকটে পড়েছেন তারা।
জানা যায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক আষারু গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ও ফেন্সি আক্তার দম্পতির একমাত্র সন্তান ফাহিম। প্রায় এক বছর আগে রাজধানীর পিজি হাসপাতালে পরীক্ষার পর তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই তাকে সুস্থ করে তুলতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারটি।
চিকিৎসার ব্যয় মেটাতে মোবাইল মেকানিক বাবা নিজের দোকান ও মালামাল বিক্রি করে দেন। পরে একটি এনজিও থেকে ৫ লাখ টাকা ঋণ নেওয়া হয়। তাতেও ব্যয় সামাল দিতে না পেরে বসতবাড়ি বন্ধক রেখে আরও ৬ লাখ টাকা সংগ্রহ করেন তিনি।
আত্মীয়-স্বজন ও সহৃদয় ব্যক্তিদের সহায়তায় এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা খরচ করা হয়েছে ফাহিমের চিকিৎসায়। দীর্ঘ ১০ মাস চিকিৎসার পর কিছুটা সুস্থতার দিকে এগোলেও এখনও সম্পূর্ণ সুস্থ হতে নিয়মিত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের মতে, আরও প্রায় দেড় বছর চিকিৎসা চালিয়ে যেতে পারলে ফাহিম স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তবে বর্তমানে কেমোথেরাপি ও প্রয়োজনীয় ইনজেকশনের খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা সম্পন্ন করতে এখন প্রয়োজন প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।
ফাহিমের দাদা আব্বাছ আলী বলেন, “নাতির চিকিৎসার জন্য আমাদের সব শেষ হয়ে গেছে। এখন নিজেদের চলাই কঠিন হয়ে পড়েছে।”
বাবা মিজানুর রহমান বলেন, “আমার ছেলেটা এখন কিছুটা ভালো আছে। আর কিছুদিন চিকিৎসা চালাতে পারলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের আর কোনো সামর্থ্য নেই। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।”
মা ফেন্সি আক্তার বলেন, “ছেলেটা প্রায়ই জিজ্ঞেস করে—কবে সে খেলতে যাবে, কবে স্কুলে যাবে। তখন নিজেকে সামলাতে পারি না।”
পরিবারটির পক্ষ থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ফাহিমের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।