নরসিংদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে ৭ আসামিকে নরসিংদী আদালতে হাজির করা হয়। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে, গত শুক্রবার ও শনিবার পৃথকভাবে ৭ আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় শুক্রবার রাতে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে প্রধান আসামি নূরাকে এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে হযরত আলীকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলার ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বাধীন একটি চক্র জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ৪ জন এবং বিচারকার্যে সহায়তাকারী সাবেক এক মেম্বারসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদক: মো. নুরনবী সানি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।