সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালী বন্ধে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৩:৪০

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতির জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। এতে বিশ্ব জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়েছে এবং তেলের দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে দাঁড়িয়েছে। একদিনের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বাজার বিশ্লেষকদের আশঙ্কা, চলমান সংকট দীর্ঘায়িত হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তেল ব্যবসায়ীরা জানান, রোববার একদিনেই আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিআইএস–এর জ্বালানি ও পরিশোধন বিভাগের পরিচালক অজয় পারমার বলেন, সামরিক হামলার প্রভাব থাকলেও মূল কারণ হলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া।

অন্যদিকে জ্বালানি গবেষণা সংস্থা রাইস্ট্যাড এনার্জি সতর্ক করে জানিয়েছে, বাজার পুনরায় চালু হলে তেলের দাম ব্যারেলপ্রতি আরও অন্তত ২০ ডলার পর্যন্ত বাড়তে পারে। সংস্থাটির মতে, প্রণালীতে নৌযান চলাচল বন্ধ থাকাই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠতে পারে। এদিকে তেল উৎপাদনকারী জোট ওপেক প্লাস জানিয়েছে, তারা এপ্রিল থেকে প্রতিদিন ২ লাখ ৬ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়াবে। তবে এ পরিমাণ বৈশ্বিক চাহিদার তুলনায় খুবই সামান্য।

উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে সরবরাহ হতো। বর্তমানে এ পথ পুরোপুরি বন্ধ থাকায় বিকল্প পাইপলাইন ব্যবহার করা হলেও প্রতিদিন প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলের ঘাটতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম ব্যারেলপ্রতি ২০ ডলার বাড়লে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির চাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top