মাদক বিক্রি না করার অপরাধে যুবককে কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৯:২৪
ফরিদপুরে একসময় মাদক কারবারে জড়িত থাকা পরিচ্ছন্নতাকর্মী রাজু শেখকে মাদক বিক্রি না করার অপরাধে স্থানীয় মাদক চক্রের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু শেখ শহরের লক্ষ্মীপুর রেলবস্তির কুটিবাড়ি এলাকার বাবলু শেখের ছেলে। তিনি ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে রাজুকে কুপিয়ে ফেলে রাখা হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় পুলিশ প্রকাশ করেনি।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাজু একসময় মাদক কারবারে জড়িত ছিলেন, কিন্তু সম্প্রতি শিশু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই পথ থেকে সরে আসেন। এরপর স্থানীয় একটি চক্র তাকে পুনরায় মাদক বিক্রিতে বাধ্য করার চেষ্টা করে এবং না মানলে প্রাণনাশের হুমকি দেয়।
নিহত রাজু শেখের মা ছবি খাতুন বলেন, স্থানীয় মাদক কারবারি শিল্পী বেগম ও তার পরিবার রাজুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে। সোমবার রাত ১০টার দিকে মহুয়ার স্বামী হৃদয় শেখের নেতৃত্বে অন্য কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে রাজুকে কুপিয়ে ফেলে। রাজুর মুখে গুঁড়াজাতীয় পদার্থ ঢুকানো হয়, দুই পায়ের রগ কেটে ফেলা হয় এবং হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়।
ঘটনার পর মঙ্গলবার (৩ মার্চ) পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে রাজুকে হত্যা করা হয়েছে। মাস্টারমাইন্ড হিসেবে হৃদয় নামের একজনের নাম পাওয়া গেছে, যিনি একাধিক মামলায় জড়িত এবং গ্রেপ্তারও হয়েছেন।
পুলিশ সুপার বলেন, এলাকায় মাদক কেনাবেচা হয়ে থাকে, এবং প্রত্যেক মাদক কারবারির তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, ২৬ জানুয়ারি রেলবস্তি এলাকায় যৌথ অভিযানে ১৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছিল এবং সাড়ে ৪৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র ও ২টি বিদেশি মদ জব্দ করা হয়েছিল। তবে আটকদের কয়েকদিনের মধ্যে জামিনে মুক্তি দেওয়া হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।