মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী শ্রমিক নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৯:৪১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক প্রবাসী শ্রমিক বেলায়েত কাজী মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপোহ শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত কাজী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিঘাটা গ্রামের মৃত ইউসুফ কাজীের ছেলে।
পরিবারের বরাতে জানা গেছে, দুই বছর আগে দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান বেলায়েত। শুরুতে তিনি নানা প্রতারণার শিকার হন এবং নির্ধারিত কাজ না পেয়ে অবৈধভাবে নির্মাণ ও সড়ক মেরামতের কাজে যুক্ত হন। সম্প্রতি ইপোহ এলাকায় সড়ক সংস্কার কাজ করছিলেন তিনি। বেলায়েত পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমদ মুন্সী জানান, সড়কের কাজ করার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি বেলায়েতকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।