ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল নেতার
ময়মনসিংহ প্রতিনিধি | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৩:০৩
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় পৌর ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তের জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন আহমেদ (২৭) ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। তিনি ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই ঘটনায় শাহাদাত শাকিল নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নয়ন আহমেদ শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকার দিকে আসছিলেন। পথে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তের জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন আহমেদের মৃত্যু হয় এবং তার সহযাত্রী শাকিল আহত হন।
ফুলবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।