বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ঝিনাইদহে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৩:৪২

সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। গত সোমবার (২ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন ঝিনাইদহ সদর উপজেলার এক বাসিন্দা।

হলফনামা সূত্রে জানা যায়, সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো. আবু জাফর তার ছেলে মো. নাহিদ হাসান সবুজকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করেছেন।

অভিযুক্ত নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করা হয়। হলফনামায় আবু জাফর দাবি করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং অবান্তর জীবনযাপন করে আসছিলেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং আলাদাভাবে চলাফেরা করেন।

হলফনামায় আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হলেও নাহিদ হাসান সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়ায় তার সক্রিয় অংশগ্রহণের সংবাদ পাওয়ার পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নাহিদ হাসান সবুজের আয়-রোজগার, দায়-দেনা বা ভবিষ্যৎ কর্মকাণ্ডের সঙ্গে পিতা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না বলেও জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের রক্ত সম্পর্কীয় ও আইনি সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আবু জাফর বলেন, “দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক, তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি। তাই বাধ্য হয়ে আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top