বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৭:০৭

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরসমিয়া ও নূরধন মিয়ার মধ্যে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। ঘটনার পর গ্রামের উত্তেজনা বৃদ্ধি পায়। পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।

কিন্তু বুধবার সকালে নূরধন মিয়ার সমর্থকরা শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়া এলাকায় আরস মিয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। খবরটি দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফায় সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, “পাওনা টাকা পরিশোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে নূরধন মিয়াকে মারধরের ঘটনা ঘটে। পরের দিন সকালে উভয়পক্ষ পুনরায় সংঘর্ষে জড়ায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top