বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

পাবনায় তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনা প্রতিনিধি | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৪:৩১

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে এক তরুণ ও তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা কবিরুলের সঙ্গে ঈশ্বরদীর ওই তরুণীর আগে থেকেই পরিচয় ছিল। মঙ্গলবার রাতে কবিরুল তরুণীর বাড়িতে গিয়ে অবস্থান করেন। বুধবার সকালে এলাকাবাসী একটি ঘরের ভেতর তাদের একসঙ্গে দেখতে পেয়ে আটক করে।

পরে উত্তেজিত কিছু মানুষ ওই তরুণ ও তরুণীকে গাছের সঙ্গে বেঁধে রাখে বলে অভিযোগ উঠেছে।

সলিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। গাছের সঙ্গে বেঁধে রেখে কাউকে নির্যাতন করা কোনোভাবেই ঠিক হয়নি।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পাবনা জেলা পর্যবেক্ষণ কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকী বলেন, এটি অত্যন্ত অমানবিক একটি ঘটনা। কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একটি সভ্য রাষ্ট্রে এমন কাজ নিন্দনীয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা উচিত।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে ঘটনাস্থল তার থানার আওতাধীন না হওয়ায় বিষয়টি পাবনা সদর থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ঘটনাটি তার জানা নেই। খোঁজখবর নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top