তুরস্কে সিলিন্ডার লিক দুর্ঘটনাইয় বাবা-ছেলের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৯:৩৭
তুরস্কে সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে অক্সিজেনের স্বল্পতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার বাবা ও ছেলেসহ এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সময় বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) এবং তার একমাত্র ছেলে সাব্বির (২২)। এছাড়া ফেনী জেলার এক যুবকও এ ঘটনায় প্রাণ হারান। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন (২৬), যাকে আইসিইউতে রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তারা তুরস্কের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে একসঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার রাতে সাহরি খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে কক্ষে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, যা শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
তথ্য অনুযায়ী, তারেক মিয়া প্রায় ১৪ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান। দেড় বছর আগে তিনি ছেলে সাব্বিরকেও সেখানে নিয়ে যান। সাব্বিরের খালা লুতফা বেগম বলেন, “হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ। পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ দেশে আনার বিষয়ে আমরা দিশেহারা। সরকারের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে মরদেহ আনা সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই।”
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য তুরস্কের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।