শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে চার সন্তানের জননীকে গণধর্ষণ, যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১২:০২

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক চার সন্তানের জননী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ওই নারী কেনাকাটা করতে মাধবদী বাজারে যান। কেনাকাটা শেষে রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে হৃদয় নামের এক ব্যক্তি তার পথরোধ করে।

অভিযোগ রয়েছে, ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে আরও তিনজন অবস্থান করছিল। পরে তারা জোরপূর্বক ওই নারীকে বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করে।

নির্যাতিত নারী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। পরদিন শুক্রবার সকালে তিনি মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় হৃদয় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নির্যাতিত নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, একই এলাকায় কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এ ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top