বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

লক্ষ্মীপুরের তরুণ কুষ্টিয়ায় প্রেমিকার বাড়িতে বিষপান করে আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:১৯

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের মারুফ (১৮) নামের এক তরুণ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রেমিকার বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন এবং বাবার সঙ্গে কাজ করতেন। প্রায় চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বপ্না নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সম্পর্ক প্রেমে গড়ে ওঠে, যা উভয় পরিবারের জানা ছিল। তবে সম্প্রতি তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

মারুফের খালাতো ভাই মাকছুদুর রহমান জানান, এবারের ঈদে মারুফ ঢাকায় তার ফুফুর বাসায় ছিলেন। মঙ্গলবার সকালে প্রেমিকার সঙ্গে দেখা করতে কুষ্টিয়ায় যান। দুপুরে প্রেমিকার বাড়িতে এসে বিষপান করেন। গুরুতর অবস্থায় প্রেমিকা নিজেই তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, রাতে ওই তরুণীই ফোন করে মারুফের বাবাকে তার মৃত্যুর খবর দেন। একমাত্র ছেলেকে হারিয়ে মারুফের পরিবারে শোকের মাতম চলছে।

স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েছেন এবং জানিয়েছেন, সামান্য মোবাইল পরিচয়ই এমন অকাল মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে, তারা কল্পনাও করেননি। মারুফের লাশ আনতে তার দুই জেঠা ও নিকটাত্মীয় ইতোমধ্যে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

কমলনগর থানার ওসি ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top