বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০১:১৮
বাগেরহাট-এর চিতলমারী উপজেলায় বাড়ির ভিতরে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমির হামজা ওই গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজ-এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টার-এ চাকরি করতেন।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়ির মধ্যে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান তিনি। পরে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
বাগেরহাট-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশের সদস্যরা জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে, গত ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে নূর ইসলাম (২৭) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ১৪ মার্চ রাতে মোল্লাহাট উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। তবে এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।