বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

৫০ হাজার লিটার পেট্রোল গায়েবের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:০৯

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণ পেট্রল গায়েবের ঘটনায় উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনের মালিক তিনি নিজেই। সেখানে বিপুল পরিমাণ পেট্রল মজুদ থাকা সত্ত্বেও কয়েক দিন ধরে ‘তেল নেই’ লিখে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়। তবে গোপনে রাতের আঁধারে তেল বিক্রি চলছিল বলে অভিযোগ ওঠে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।

তদন্তে দেখা যায়, বিভিন্ন তারিখে বিপুল পরিমাণ পেট্রল মজুদ করা হলেও বাস্তবে মজুদের সঙ্গে হিসাবের বড় ধরনের অসঙ্গতি রয়েছে। ফিলিং স্টেশনের ম্যানেজার মাত্র অল্প পরিমাণ তেলের কথা স্বীকার করেন এবং বাকি তেলের কোনো হিসাব দিতে পারেননি।

এ ঘটনায় ম্যানেজারকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top