শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

৩ হাজার হাদিস মুখস্থ শুনিয়ে নজির গড়লেন ছারছীনা মাদ্রাসার শিক্ষার্থী ইমরান

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৭:২০

ছবি: সংগৃহীত

বরিশালের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দ্বীনিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী তিন হাজার হাদিস একসঙ্গে মুখস্থ শুনিয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছেন। এই শিক্ষার্থীর নাম মুহাম্মদ ইমরান ফারুক। তার এই অর্জন ইতোমধ্যেই শিক্ষক, সহপাঠী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, ইমরান ফারুক বর্তমানে মাদ্রাসাটির ইফতা বিভাগে অধ্যয়নরত। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় ও গভীর মনোযোগের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেন। সম্প্রতি এক বিশেষ আসরে তিনি ধারাবাহিকভাবে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে উপস্থিত আলেমদের বিস্মিত করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, হাদিস শাস্ত্রে এমন দক্ষতা অর্জন অত্যন্ত কঠিন এবং দীর্ঘ সাধনার বিষয়। এত বিপুল সংখ্যক হাদিস নির্ভুলভাবে মুখস্থ রাখা একজন শিক্ষার্থীর অসাধারণ মেধা ও পরিশ্রমের পরিচায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকরা জানান, ইমরান ফারুক শুরু থেকেই মেধাবী ও পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত। তার এই অর্জন ভবিষ্যতে তাকে একজন দক্ষ মুহাদ্দিস হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সহপাঠীরা তার এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। অনেকেই তাকে অনুসরণ করে হাদিস শিক্ষায় আরও মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন। ধর্মীয় মহল মনে করছে, তার এই অর্জন দেশের মাদ্রাসা শিক্ষার মান ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top