বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

করিমগঞ্জে জমি বিরোধে ফার্নিচার মিস্ত্রি খুন, দুইজন গ্রেপ্তার

ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গণপিটুনিতে মোহাম্মদ ফখরুল ইসলাম (৪২) নামের এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কাজল আক্তার ও রোমা আক্তার।

রবিবার (১২ এপ্রিল) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবির। তিনি জানান, ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ মার্চ নিহত ফখরুল ইসলামের ভাই আল আমিন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে ৯ জন ইতোমধ্যে জামিনে রয়েছেন।

নিহত ফখরুল ইসলাম উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের কয়েকজনের সঙ্গে একটি জমি নিয়ে ফখরুল ইসলামের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে।

গত ২৬ মার্চ সকালে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top