সুনামগঞ্জে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২০

সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরের বাঁধ কাটার সময় মাটিচাপায় আরমান মিয়া (যুবক) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগরের রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ জমিতে পানি আটকে পড়ে। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন।

বাঁধ কাটার পর পানি বের হতে শুরু করলেও এক পর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। পরে ধসে পড়া অংশের মাটি সরানোর জন্য রোববার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক সেখানে কাজ করতে যান।

দুপুরের দিকে কাজ প্রায় শেষের দিকে থাকাকালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এতে অন্যরা দ্রুত সরে যেতে পারলেও আরমান মিয়া মাটিচাপা পড়ে যান। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শাহাব উদ্দিন জানান, পানি নিষ্কাশনের জন্য বাঁধ কাটার সময় আরমান মিয়া দুর্ঘটনায় আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। লাশ থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top