উখিয়ার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১৩
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. ইউনুছ (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পালংখালী সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে চাকমাকাটা এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত ইউনুছ উখিয়ার ক্যাম্প-১৯-এর ব্লক ডি/২-এর বাসিন্দা। বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শান্তনু ঘোষ জানিয়েছেন, ইউনুছের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে গত ১০ এপ্রিল একই সীমান্ত এলাকায় আরেকটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় মো. সাদেক (২৫) নামে আরেক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। তিনি উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের মতে, ওই ঘটনায় মাছ ধরে ফেরার পথে পা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে, যাতে সাদেকের এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সীমান্ত এলাকায় ধারাবাহিক এ ধরনের ঘটনার কারণে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।