কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা, নিহত অন্তত ১৩
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫১
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরটিতে চারজন নিহত হয়েছেন, যার মধ্যে ওই শিশুটিও রয়েছে। তবে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, কিয়েভে মৃতের সংখ্যা পাঁচজন। এ ছাড়া শহরে ৪৫ জন আহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় পৃথক হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রো শহরে আরও দুইজন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলে গভর্নর ওলেকসান্দর গানঝা জানিয়েছেন।
কিয়েভে ভোরে নতুন করে হামলায় একটি ১৮ তলা ভবনে ড্রোন আঘাত হানে। এতে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধারকাজে অংশ নেওয়া জরুরি সেবাকর্মীদের মধ্যে চারজন আহত হন।
কেন্দ্রীয় পডিল জেলায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এক মা ও শিশুকে জীবিত উদ্ধার করেন।
ওডেসায় একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবাসিক ভবন ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন।
এছাড়া খারকিভ শহরেও ড্রোন হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।