বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১৪

সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে নিজের ধানক্ষেত পাহারা দিতে যান ছাবের আহমদ। এলাকায় বন্যহাতির উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকেরা সাধারণত আগুন জ্বালিয়ে ও শব্দ করে ফসল রক্ষার চেষ্টা করেন। ঘটনার সময়ও তিনি ধানক্ষেতে আগুন জ্বালিয়ে পাহারায় ছিলেন।

এ সময় হঠাৎ একটি বন্যহাতি ধানক্ষেতে ঢুকে পড়ে এবং তাকে আক্রমণ করে। পাশের আরেকটি ক্ষেতে থাকা কৃষক জামাল উদ্দিন জানান, হাতিটি শুঁড় দিয়ে ছাবের আহমদকে আঘাত করলে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

সাতঘরিয়া পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফজরের আজানের আগে হঠাৎ হাতির গর্জনে এলাকাবাসী জেগে ওঠে এবং পরে মসজিদের পাশেই তার নিথর দেহ পাওয়া যায়।

স্থানীয়দের মতে, ছাবের আহমদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়েছে।

ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ্ জুয়েল জানান, নিহতের বড় ছেলে মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরিবারের দায়িত্ব মূলত ছাবেরের ওপরই ছিল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা দ্রুত নিশ্চিত করার আহ্বান জানান।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজারের পাহাড়ঘেঁষা এলাকায় সম্প্রতি বন্যহাতির চলাচল বেড়েছে। খাদ্যের সন্ধানে হাতি লোকালয়ে ঢুকে পড়ায় মানুষ-হাতি সংঘর্ষের ঘটনা বাড়ছে।

ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বন্যহাতির আক্রমণে নিহতদের পরিবার ক্ষতিপূরণ পেয়ে থাকে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top