শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

নিজের বিয়ে বন্ধে থানায় হাজির এসএসসি পরীক্ষার্থী

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ২০:৪০

ছবি: সংগৃহীত

নিজের বাল্যবিয়ে ঠেকাতে সাহসী পদক্ষেপ নিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। পরিবারের চাপ উপেক্ষা করে থানায় গিয়ে আশ্রয় নেয় সে। পরে পুলিশ বাল্যবিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

শনিবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আলোচিত ওই শিক্ষার্থী তাহমিনা আক্তার, তিনি স্থানীয় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার তাহমিনার বাবা আলম হাওলাদার তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাড়িতে আয়োজন করেন। পাত্র হিসেবে বেছে নেওয়া হয় প্রবাসী এক যুবককে। কিন্তু এতে রাজি ছিল না তাহমিনা। বিয়ে ঠেকাতে সে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে থানায় গিয়ে অভিযোগ করে।

পরে পুলিশের হস্তক্ষেপে তাহমিনার বাবার কাছ থেকে বাল্যবিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয় এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, শুক্রবার রাতেই আবারও তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে শনিবার সকালে আবার থানায় গিয়ে আশ্রয় নেয় সে।

থানায় উপস্থিত হয়ে তাহমিনা জানায়, তাকে আবার বাড়িতে পাঠানো হলে জোর করে বিয়ে দেওয়া হতে পারে। তার চার দিনের মধ্যেই এসএসসি পরীক্ষা শুরু, তাই সে পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং প্রশাসনের সহযোগিতা কামনা করে।

এ বিষয়ে তাহমিনার বাবা বলেন, দারিদ্র্যের কারণে ভালো পাত্র পেয়ে তিনি বিয়ের আয়োজন করেছিলেন। তবে মেয়ের অমতে বিয়ে না হওয়ায় এখন তিনি সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে জানান।

পুলিশ জানায়, ওই শিক্ষার্থী বাল্যবিয়ে থেকে বাঁচতে দুইবার থানায় এসেছে। তার অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top