শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

রাতের মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির শঙ্কা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ২১:১২

ছবি: সংগৃহীত

দেশের পাঁচ অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top