সৌদি আরবে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৭:০৩
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু ও দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র। তিনি বলেন, জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।
রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে বিশেষ টিম কাজ করছে বলেও তিনি জানান।
তিনি সতর্ক করে বলেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। একই সঙ্গে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ তালিকা যাচাই করে প্রক্রিয়া আরও স্বচ্ছ করার নির্দেশ দেন তিনি।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে সৌদি সফরের আমন্ত্রণ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী জুলাই মাসের প্রথমার্ধে সফরের সম্ভাবনার কথা জানান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।