কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার শ্রীরামদি এলাকায় ফাল্গুনী ফিলিং স্টেশন সংলগ্ন আকন্দবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একই পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় কিছু সময়ের জন্য পাকুন্দিয়া-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বৃষ্টির কারণে সড়কে পানি জমে ছিল। এর সঙ্গে বাসগুলোর অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা দুর্ঘটনার কারণ হতে পারে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ এনামুল হক হৃদয় বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি একটি বাস সড়কে দাঁড়িয়ে আছে এবং অন্যটি খাদে পড়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত যাত্রীদের উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে |
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।