নোরা একসময় হতে চেয়েছিলেন ফুটবলার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:১৪

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় আইটেম সং পারফর্মার নোরা ফাতেহি, যিনি তার নাচ ও পর্দা কাঁপানো উপস্থিতির জন্য বিশ্বজুড়ে পরিচিত, সম্প্রতি নিজের শৈশবের এক অজানা অধ্যায় তুলে ধরেছেন। জানিয়েছেন, রূপালী পর্দা নয়—তার প্রথম ভালোবাসা ছিল ফুটবল মাঠ।

নোরা জানান, ছোটবেলা ও কৈশোরের বড় একটি সময় তিনি কাটিয়েছেন ফুটবল খেলে। সবুজ মাঠে ড্রিবলিং ও গোল করার স্বপ্নই ছিল তার প্রধান লক্ষ্য। তবে মাত্র ১১ বছর বয়সে গুরুতর এক চোট তার সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বার্তায় জানান, ওই সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ফুটবলার হওয়ার স্বপ্ন থেমে গেলেও সেই অভিজ্ঞতাই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে বলে মনে করেন তিনি।

পরবর্তীতে বিনোদন জগতে পা রাখেন নোরা। তার অভিনয় যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমা দিয়ে। তবে দক্ষিণ ভারতীয় সিনেমার গানগুলোতে পারফর্ম করে তিনি দ্রুত জনপ্রিয়তা পান। ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘কিক টু’ ছবির আইটেম সংগুলোতে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে।

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানের রিমেক পারফরম্যান্স তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে।

ফুটবল খেলোয়াড় হতে না পারলেও নোরা এখনো আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তিনি পারফর্ম করেন এবং বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দেন। বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনে তাকে নিয়মিত পারফর্ম করতে দেখা যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top