পানিতে তলিয়ে যাওয়া ধান দেখে জমিতেই কৃষকের মৃত্যু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ২২:০২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেত দেখে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল আটটার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আহাদ মিয়া (৫৫)। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, আহাদ মিয়া স্ট্রোক করে মারা গেছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে নিজের ছয় বিঘা জমির ধান কাটতে গিয়েছিলেন আহাদ মিয়া। কিন্তু জমিতে গিয়ে দেখেন, সব ধান পানিতে তলিয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান এবং পরে মারা যান। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে নাসিরনগরের হাওরাঞ্চলের বহু জমির ফসল পানিতে তলিয়ে গেছে। রামপুর গ্রামের আহাদ মিয়া প্রায় ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের ধান আবাদ করেছিলেন। শনিবার সকালে ধান কাটতে গিয়ে তিনি দেখেন পুরো ক্ষেত পানির নিচে। সেই শোকেই তিনি জমির আলেই অচেতন হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে শ্রমিক ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুপুরে জানাজার পর তাকে দাফন করা হয়।
একই এলাকার কৃষক কালন মিয়া জানান, ফসল ডুবে যাওয়ার দৃশ্য দেখে আহাদ মিয়া শোকাহত হয়ে জমিতেই মারা যান। একই ঘটনায় আরও কয়েকজন কৃষক অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা চিকিৎসাধীন আছেন। তার দাবি, গত কয়েক দিনের বৃষ্টিতে এলাকায় প্রায় চার থেকে পাঁচ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
নিহতের ভাতিজা ফারুক মিয়া বলেন, চাচা প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। সব ফসল পানিতে ডুবে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি। সকালে শ্রমিক নিয়ে মাঠে গিয়ে সেই দৃশ্য দেখেই তিনি জমির আলেই মারা যান।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল জানান, কৃষকের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখতে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, ভারী বৃষ্টিতে এলাকায় ব্যাপক ফসলহানি হয়েছে। একজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও কয়েকজন অসুস্থ হয়েছেন। বিষয়টি যাচাই করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।