শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

গণভোটে জনগণের দেওয়া রায় সরকার উপেক্ষা করছে: আখতার হোসেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ২০:৫৭

ছবি: সংগৃহীত

গণভোটে জনগণের দেওয়া রায় সরকার উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করছে। তার দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সরকারের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা বাস্তবায়ন করেনি।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের পক্ষে মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। তবে সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

আখতার হোসেনের অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়নের বদলে সেটিকে কখনও প্রতারণার দলিল, আবার কখনও অসাংবিধানিক বলা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।

সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন, যার ভিত্তিতেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে।

এছাড়া দেশের ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আখতার হোসেন বলেন, যারা অতীতে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে, তাদের সামান্য অর্থ ফেরত দিয়েই আবার মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের অনিয়মের ঝুঁকি তৈরি করতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top