রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

আবারও কমলো স্বর্ণ-রুপার দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১০:২০

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (১৫ মার্চ) থেকে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দামে।

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে জানানো হয়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে গত ১৩ মার্চ সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৭ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।

স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিতে ২৯২ টাকা কমে ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১১ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ১০ বার দাম বাড়ে এবং ৩ বার কমে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top