বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ইরান সংকটের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। থমকে গেছে ওয়াল স্ট্রিট-এর ঊর্ধ্বমুখী ধারা।

আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুলাই মাসের সরবরাহের জন্য নির্ধারিত দাম বেড়ে হয়েছে ১০৪ দশমিক ৩৩ ডলার।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, সেখানে ধাপে ধাপে তা আবার ১১৯ ডলারের কাছাকাছি পৌঁছাচ্ছে—যা যুদ্ধ শুরুর সময়কার উচ্চস্তরের কাছাকাছি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের প্রস্তাবে সাড়া দেবে না। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিলের কথা বলা হয়েছিল। পাশাপাশি নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার ইঙ্গিতও দিয়েছে তেহরান।

এদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির দাম বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (AAA)-এর তথ্য অনুযায়ী, দেশটিতে গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা অব্যাহত থাকলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি খাতে।

তথ্যসূত্র: আলজাজিরা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top