মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

এলপিজির দামে রেকর্ড ঊর্ধ্বগতি, চাপে জনজীবন ও ব্যবসা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪০

ছবি: সংগৃহীত

দেশে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম, যা ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। জ্বালানি তেলের পর স্বল্প সময়ের ব্যবধানে এলপিজির এই মূল্যবৃদ্ধি জনজীবনে বাড়তি ভোগান্তি ডেকে এনেছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২ তারিখে ৩৮৭ টাকা বাড়িয়ে একই সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। ফলে মাত্র ১৮ দিনের ব্যবধানে মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেয়েছে এলপিজির দাম, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানীসহ দেশের বড় একটি অংশের মানুষ রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল। হঠাৎ এমন দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। তাদের দাবি, আগে যেখানে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় গ্যাস পাওয়া যেত, এখন তা বেড়ে প্রায় ২ হাজার টাকায় পৌঁছেছে। এতে নিত্যদিনের রান্নার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে এলপিজির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে হোটেল-রেস্টুরেন্ট খাতেও। ব্যবসায়ীরা জানান, বাড়তি খরচের চাপ থাকলেও খাবারের দাম বাড়াতে পারছেন না, কারণ এতে ক্রেতা হারানোর আশঙ্কা রয়েছে। ফলে লোকসানের ঝুঁকি বাড়ছে।

গ্যাস বিক্রেতারাও রয়েছেন বিপাকে। তাদের মতে, দাম বাড়ায় বিক্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দোকান ভাড়া ও অন্যান্য খরচ মেটানো কঠিন হয়ে পড়বে।

এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৯ টাকা ৭৩ পয়সা বাড়ানো হয়েছে, যা পরিবহন খরচ বৃদ্ধির মাধ্যমে সামগ্রিকভাবে পণ্যের দামে আরও প্রভাব ফেলতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top