পশ্চিমবঙ্গে নির্বাচনী মাঠে মুখোমুখি কোয়েল মল্লিক ও মিঠুন চক্রবর্তী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১৫
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এর প্রভাব পড়েছে টলিউড অঙ্গনেও, যেখানে শাসক ও বিরোধী শিবিরে যুক্ত হয়েছেন দুই জনপ্রিয় তারকা—কোয়েল মল্লিক ও মিঠুন চক্রবর্তী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মেদিনীপুরে দুই দলের পৃথক প্রচারসভা ঘিরে তৈরি হয় আলোচনার ঝড়।
শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বিনপুরে তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে রোড শো করেন তিনি। সেখানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাসের মধ্যে কোয়েল ভোটারদের তৃণমূলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং বিরোধী শিবিরের সমালোচনা করেন।
অন্যদিকে একই দিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বিরোধী দল বিজেপির হয়ে জনসভা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। হুডখোলা গাড়িতে তার আগমনে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। তিনি দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং শাসক দলের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন।
একই দিনে দুই ভিন্ন রাজনৈতিক শিবিরে দুই তারকার সক্রিয় উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনার মাত্রা। বিশ্লেষকদের মতে, বিনোদন জগতের জনপ্রিয় মুখদের প্রচারে যুক্ত করা ভোটের লড়াইকে আরও প্রতীকী ও আবেগনির্ভর করে তুলছে।
আগামী ৪ মে পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপের পাশাপাশি টলিউডের তারকাদের ভূমিকা নিয়েও বাড়ছে কৌতূহল ও আলোচনা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।