টানা প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদে নুসরাত জাহান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১৭
টানা প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডি দপ্তর থেকে বের হলেন টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে দপ্তর থেকে বের হওয়ার সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এ সময় দুজনকে একসঙ্গে হাত ধরে বের হতে দেখা যায়।
সাংবাদিকরা জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে নুসরাত সংক্ষিপ্ত জবাবে বলেন, “আপনারা খবর নিয়ে নিন।”
এর আগে সকালে সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে রওনা দিয়ে সাড়ে ১০টার দিকে কলকাতার সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডি দপ্তরে পৌঁছান তিনি। সেদিন সাদা সালোয়ার পরিহিত নুসরাতকে কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছিল; গাড়ি থেকে নেমেই সরাসরি দপ্তরে প্রবেশ করেন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, রেশন দুর্নীতি মামলার সূত্র ধরে তার নাম সামনে এসেছে। তবে পরে জানা যায়, রাজারহাট এলাকার ফ্ল্যাট প্রতারণা মামলার তদন্তেই তাকে তলব করেছে ইডি। সংশ্লিষ্ট কোম্পানির একজন ডিরেক্টর হিসেবেও তার নাম রয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
ইডি সূত্রে জানা গেছে, গত কয়েক মাসের তদন্তে নতুন কিছু তথ্য পাওয়ার পরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এর আগে নির্ধারিত দিনে কলকাতায় হাজিরা দিতে অনীহা প্রকাশ করে দিল্লিতে জিজ্ঞাসাবাদের অনুরোধ করেছিলেন নুসরাত, তবে তা নাকচ করা হয়। পরবর্তীতে নির্দেশ অনুযায়ী তিনি কলকাতার দপ্তরেই হাজিরা দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।