শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:১৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন আসামিদের অব্যাহতির আবেদন নিয়ে শুনানি করেন নিয়োজিত আইনজীবীরা। আসামিরা পলাতক থাকায় সরকারি খরচে তাদের পক্ষে আইনি লড়াই চালানো হচ্ছে।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক কারণে শামীম ওসমানসহ ১২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি অভিযোগপক্ষ। তাই তারা অব্যাহতি দাবি করেন।
অন্যদিকে অভিযোগপক্ষ এ আবেদনের বিরোধিতা করে জানায়, আসামিদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে এবং অব্যাহতির আবেদন গ্রহণযোগ্য নয়। তারা আরও অভিযোগ করেন, আবেদনে মূল অভিযোগের বাইরে অপ্রাসঙ্গিক বিষয় যুক্ত করা হয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেন।
মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে, স্বজন ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের আরও ১১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে অভিযোগপক্ষ শুনানি শেষ করে। মামলায় তিনটি পৃথক অভিযোগে মোট ১০ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়।
প্রথম অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর, শিক্ষার্থী ও শ্রমিকসহ ছয়জনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই আরও দুজনকে এবং তৃতীয় অভিযোগে ৫ আগস্টে আরও দুজনকে হত্যার কথা উল্লেখ করা হয়।
এ তিনটি অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ১৯ জানুয়ারি ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।