কোটি টাকার প্রতারণার মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:৪৯
চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ শনিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি জানান, ভুক্তভোগী মিজানুর রহমানের দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার প্রলোভন দেখিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসায় মিজানুর রহমানের কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা গ্রহণ করেন দেবু প্রসাদ রায়। পরে একই উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা নেন।
এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেলে অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা পাঠানো হয়।
সব মিলিয়ে ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগী। তার দাবি, দীর্ঘদিনেও টাকা ফেরত না দিয়ে অভিযুক্ত নানা অজুহাত দেন এবং একপর্যায়ে হুমকিও দেন।
অভিযোগকারী মিজানুর রহমান বলেন, পূজা চেরির পরিচিতি ও পূর্ব সম্পর্কের কারণে তিনি বিশ্বাস করে অর্থ প্রদান করেছিলেন। পরে প্রতারিত হয়ে তিনি থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, এ বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন পূজা চেরি। তিনি বলেন, মামলাটি তার পারিবারিক বিষয় হলেও এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।