মাইকেল জ্যাকসনের চরিত্রে কেন জাফর? অবশেষে জানাল নির্মাতারা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:২১
বিশ্বখ্যাত পপ আইকন মাইকেল জ্যাকসনের জীবন অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি বায়োপিক সিনেমা। তবে শুরু থেকেই দর্শক ও ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—মাইকেলের নিজের সন্তানরা থাকা সত্ত্বেও কেন তার চরিত্রে অভিনয়ের দায়িত্ব পেলেন জাফর জ্যাকসন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নেরই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নির্মাতারা, যা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
মাইকেল জ্যাকসনের বড় ছেলে প্রিন্স জ্যাকসন এবং ছোট ছেলে বিগি জ্যাকসন দুজনেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও তারা ক্যামেরার সামনে নয়, বরং আড়ালেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রিন্স স্পষ্টভাবেই জানিয়েছেন, গান বা নাচে তিনি নিজেকে পারদর্শী মনে করেন না, তাই এই চরিত্রের জন্য নিজেকে উপযুক্ত ভাবেন না। তার মূল আগ্রহ সমাজসেবামূলক কর্মকাণ্ডে।
অন্যদিকে বিগি জ্যাকসন পরিচালনা ও প্রযোজনায় আগ্রহী হলেও অভিনয়ে তার তেমন কোনো ঝোঁক নেই।
এদিকে জারমেইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন ছোটবেলা থেকেই সংগীত ও নাচের প্রশিক্ষণে বড় হয়েছেন। নির্মাতাদের মতে, তার নাচ ও কণ্ঠে মাইকেল জ্যাকসনের সঙ্গে রয়েছে বিস্ময়কর মিল।
জানা গেছে, এই চরিত্রের জন্য জাফর দীর্ঘ কয়েক বছর ধরে কঠোর প্রস্তুতি নিয়েছেন। এমনকি চূড়ান্ত সিদ্ধান্তের পর প্রায় এক বছর বিষয়টি নিজের পরিবারকেও জানাননি তিনি।
পরিচালকের ভাষায়, মাইকেল জ্যাকসনের আইকনিক পারফরম্যান্স, নাচের স্টাইল এবং স্টেজ প্রেজেন্স নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য জাফরই ছিলেন সবচেয়ে উপযুক্ত নির্বাচন।
সব মিলিয়ে দীর্ঘ প্রস্তুতি ও পারিবারিক সমর্থনের মাধ্যমে পর্দায় মাইকেল জ্যাকসনের চরিত্রে দেখা যাবে জাফর জ্যাকসনকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।