সরকারপ্রধানের জন্য স্থায়ী ও নিরাপদ বাসভবন চেয়ে হাইকোর্টে রিট দায়ের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৭:২৪
সরকারপ্রধানের জন্য একটি নিরাপদ ও স্থায়ী সরকারি বাসভবন নির্ধারণ বা নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন জমা দেন।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের আটজন সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)কে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর পূর্ববর্তী প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ জনস্বার্থে জাদুঘরে রূপান্তর করা হয়। এরপর থেকে বর্তমান সরকারপ্রধানের জন্য কোনো নির্দিষ্ট ও স্থায়ী সরকারি বাসভবন নির্ধারণ বা সংস্কারের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, একজন সরকারপ্রধানের নিরাপত্তা, মর্যাদা ও আবাসিক সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও প্রশ্ন তুলতে পারে।
আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানান, আগামী সপ্তাহে উচ্চ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। তখনই বিষয়টি নিয়ে আদালতের দিকনির্দেশনা আসতে পারে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে সরকারপ্রধানের আবাসন ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটের মাধ্যমে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।