মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল প্রসঙ্গে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৯

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শায়খ আহমাদুল্লাহ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আমি। এরপর একটি জরুরি কাজে গত শনিবার দেশে ফিরে এসে তাতে মনযোগ দিয়েছি। আজ সকালে জানতে পারলাম, আমার ভিসা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত বছরও সিডনিতে বাংলাদেশি কমিউনিটির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ভিসা সংক্রান্ত লেটারটা ছিল অনেকটা ফরমাল। সেখানে উল্লেখ ছিল—আবেদনকারী যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এসেছিলেন, তা ইতোমধ্যে সম্পন্ন করে তিনি ফিরে গেছেন। তাই ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই।

ভিসা বাতিলের খবর সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় বিষয়টা যেভাবে প্রচারিত হয়েছে, সেরকম কিছু আমি লেটারে দেখতে পাইনি।

অষ্ট্রেলিয়ার কিছু বিরোধী রাজনীতিকের নেতিবাচক মন্তব্য সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ বলেন, তবে অষ্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিককে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে দেখেছি। সম্প্রতি কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী আমাদের কিছু বক্তব্যের খণ্ডিত অংশ এবং কিছু বক্তব্যের বিকৃত অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। তার দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকতে পারেন।

তিনি বলেন, আমি মনে করি, যে কোনো অভিযোগ আমলে নেওয়ার পূর্বে সঠিক তথ্য যাচাই-বাছাই এবং ন্যায্যতা ও নিরপেক্ষতা প্রতিফলিত হওয়া প্রয়োজন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, গত জানুয়ারি মাসে ইসলামোফোবিক কন্টেন্ট তৈরির অভিযোগে সামি ইয়াহুদ নামে একজন ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় এবং বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে চাপ তৈরি হয়।

তিনি বলেন, এদিকে একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সারকে এভাবে বাধা দেয়া প্রবল শক্তিশালী ইসরায়েলি লবি মোটেই ভালোভাবে নেয়নি। সে ঘটনারই বিপরীত ক্রিয়া হিসেবে আমার বিরুদ্ধে এই প্রচারণা কি না, তা আমি নিশ্চিত নই।

সবশেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। বরং বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যেকোনো বিচ্ছিন্ন অন্যায় আচরণেরও আমরা বিরোধিতা করি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top