সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বির আলী ক্লোজড
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০০:০৭
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে নানা অভিযোগের প্রেক্ষিতে ক্লোজড করা হয়েছে। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশর উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না থাকলেও দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে।
ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এবং এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর কাছে অভিযোগ দাখিল করেন সিলেট-১ আসনে বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।
অভিযোগে বলা হয়, আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে ওসি শাহ মোবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের হয়রানি করছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।
এদিকে, মঙ্গলবার দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনদুপুরে সংঘটিত ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করেও সমালোচনার মুখে পড়েন ওসি মোবাশ্বির আলী।
তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি পুলিশ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।