বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

নোয়াখালীর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আবারও পেছালো

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১১

সংগৃহীত

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার নতুন করে রায়ের তারিখ নির্ধারণ করে আগামী ২৯ এপ্রিল ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সেলিম শাহী বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বনির্ধারিত তারিখে রায় ঘোষণার কথা থাকলেও আদালত এজলাসে বসেই তা পরিবর্তন করেন।

মামলার নথি অনুযায়ী, নিহত অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা মৃত রিয়াজ হোসেন সরকার এবং মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

অভিযুক্ত আব্দুর রহিম রনি (৩২) একই এলাকার খলিল মিয়ার ছেলে এবং অদিতার সাবেক গৃহশিক্ষক ছিলেন বলে জানা যায়।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পরদিন রাতে গৃহশিক্ষক রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয় এবং তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।

নিহতের পরিবারের অভিযোগ, পড়া বন্ধ করে অন্য কোচিংয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রনি। ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে তিনি অদিতার ওপর হামলা চালান এবং পরে বিষয়টি আড়াল করতে তাকে হত্যা করেন বলে দাবি করা হয়।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মামলায় বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরপরই আদালত রায়ের দিন নির্ধারণ করেছিলেন, যা এখন ২৯ এপ্রিল পুনর্নির্ধারণ করা হলো।

এ ঘটনায় নোয়াখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ন্যায়বিচারের দাবিতে তখন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top