সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

স্কুলছাত্রী অপহরণ মামলায় প্রধান আসামির একদিনের রিমান্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৬:২০

সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি লামিন ইসলাম-কে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ফরিদউজ্জামান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে ঘটনার গুরুত্ব তুলে ধরে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা বলেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন এবং দাবি করেন, ঘটনাটি প্রেমঘটিত সম্পর্কেরও হতে পারে, এমনকি ভিডিও প্রমাণের কথাও উল্লেখ করেন।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী মো. শরীফুল ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এটি পরিকল্পিত অপহরণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ এপ্রিল উত্তরা গার্লস স্কুল থেকে পরীক্ষা শেষে ফেরার পথে শিক্ষার্থী জেরিন জামান তুবার (১৪) বাবার সামনে থেকে ৭-৮ জন অপহরণকারী তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে তদন্তে জানা যায়, অপহরণের সঙ্গে জড়িতদের একজন হিসেবে লামিন ইসলামকে গত ১ মে গাজীপুরের পুবাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং একই সময় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top