তিন দিনের চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৬:২৩
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর এটি তার প্রথম চীন সফর বলে জানা গেছে।
সফরকালে ৬ মে তিনি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি একই দিনে চীনের উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে জ্বালানি সংকট, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা, পানি ব্যবস্থাপনা এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি।
বিশেষভাবে গুরুত্ব পেতে পারে তিস্তা নদী কেন্দ্রিক “তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট” বা তিস্তা মহাপরিকল্পনা। চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর নিয়েও দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হতে পারে। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।