সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর সম্পন্ন করল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:১২

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এনসিপির এই সনদে স্বাক্ষর জাতির বিশ্বাস পূর্ণ করেছে। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এই মহতী কাজে অংশগ্রহণের জন্য এনসিপিকে ধন্যবাদ।” তিনি আরও বলেন, “এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদক্ষেপে কার্যকর হয়। এর জন্য সবার সচেতন থাকা প্রয়োজন।”

নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। আমরা একইসঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। দেশের মানুষ যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করব। জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর হলেও এর বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ তৎপর ছিলাম।”

এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top