এখনই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এদিন জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে তাদের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করানোর কথা ছিল। তবে বিএনপি জানিয়েছে, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না।

এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া এনসিপি শাপলা কলি প্রতীকে ৩ দশমিক ০৫ শতাংশ, ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে ২ দশমিক ৭০ শতাংশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ২ দশমিক ০৯ শতাংশ ভোট পেয়েছে।

নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। সরকার গঠন করতে যাওয়া বিএনপি সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দেয় এবং তাদের কোনো প্রার্থী জামানত হারাননি। অন্যদিকে জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দিয়ে তিনজন জামানত হারায়। সাবেক বিরোধী দল জাতীয় পার্টি ১৯৮টি আসনে প্রার্থী দিয়ে মাত্র পাঁচজনের জামানত রক্ষা করতে সক্ষম হয়।

এছাড়া অন্যান্য দলের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য-এর বেশিরভাগ প্রার্থীই জামানত রক্ষা করতে পারেননি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top